হাটে পণ্য নয়, বিক্রি হয় শ্রম; কটিয়াদীতে জমেছে পাঁচশ বছরের ঢাকের হাট

Oct 15, 2026 - 21:02
 0  1
হাটে পণ্য নয়, বিক্রি হয় শ্রম; কটিয়াদীতে জমেছে পাঁচশ বছরের ঢাকের হাট
ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ, ১৫ অক্টোবর, ২০২৬ (সময়ধারা নিউজ/বাসস)  : ঢাকের তালে তালে নিজেদের দক্ষতা তুলে ধরছেন ঢাকশিল্পীরা। তাদের বাজনা শুনে পছন্দের দল বেছে নিচ্ছেন পূজার আয়োজকরা। কোথাও চলছে বাদ্যযন্ত্র বাজিয়ে দক্ষতা প্রদর্শন, কোথাও পারিশ্রমিক নিয়ে দরদাম। 

বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে বসেছে ঐতিহ্যবাহী ঢাকের হাট। এ হাটে পণ্য নয়, বিক্রি হয় ঢাকি ও বাদ্যযন্ত্রশিল্পীদের শ্রম, সময় ও দক্ষতা। কেউ চুক্তি পেয়ে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছেন, কেউ আবার অপেক্ষায় রয়েছেন কাক্সিক্ষত বায়নার আশায়।

আজ বৃহস্পতিবার সকাল থেকে কটিয়াদী পৌরসভার পুরানবাজার এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মাঠসংলগ্ন স্থানে শুরু হয়েছে এ হাট। এ আয়োজন চলবে আগামীকাল শুক্রবার (১৬ অক্টোবর) রাত পর্যন্ত । দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ঢাকি, ঢোলবাদক, সানাই ও বাঁশিশিল্পীরা এতে অংশ নিয়েছেন। তাদের বাজনা শুনে পছন্দের দল নির্বাচন করছেন, বিভিন্ন পূজামণ্ডপের আয়োজকরা।

কটিয়াদী পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, এবার ঢাকি দলগুলোর সঙ্গে সর্বোচ্চ ১ লাখ এবং সর্বনিম্ন পাঁচ হাজার টাকায় চুক্তি হয়েছে। দলের সদস্যসংখ্যা, বাজনার মান, পরিবেশনার ধরন ও যাতায়াতের দূরত্বের ওপর নির্ভর করে বায়নার পরিমাণ।

ছবি : সংগৃহীত

হাটসংশ্লিষ্ট ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, দুই দিনে এখানে তিন শতাধিক ঢাকি ও বাদ্যযন্ত্রশিল্পীর সমাগম ঘটেছে। বৃহস্পতিবার পর্যন্ত শতাধিক দল চুক্তিবদ্ধ হয়ে হাট ছেড়েছেন। তবে তখনো অনেক শিল্পী বায়নার অপেক্ষায় ছিলেন।

ঢোলবাদক পূর্ণচন্দ্র দাস নাতিকে সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় ঢোল বাজাতে যান। প্রায় আট বছর ধরে কটিয়াদীর ঢাকের হাটে আসছেন তিনি। 

পূর্ণচন্দ্র দাস বলেন, এবার হাটের পরিস্থিতি ভালো। দ’ুজনের দলের জন্য সাধারণত ২৫ হাজার টাকা পারিশ্রমিক চান তারা। তবে ক্রেতারা অনেক সময় এর চেয়ে কম দাম বলেন।

বিক্রমপুরের সাঁইদিয়া থেকে আসা মাত্র ১৩ বছর বয়সী অনুরাগ বাসসকে জানায়, ‘আমি এ এলাকায় আগেও অনেকবার ঢোল বাজিয়েছি। এবারও পূজার দিন ঢোল বাজাব।’

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার রত্নুরদী, কলাগাছিয়া গ্রাম থেকে আসা কৃষ্ণচন্দ্র দাস গত ১৪-১৫ বছর ধরে কটিয়াদীর ঢাকের হাটে আসছেন। 

কৃষ্ণচন্দ্র দাস বলেন, ‘মায়ের কৃপায় আমরা গত ১৪-১৫ বছর ধরে কিশোরগঞ্জের ঢাকের হাটে আসছি। এবার আমাদের ছয়জনের একটি দলের জন্য ৭০ থেকে ৭৫ হাজার টাকা বলা হচ্ছেএবারের হাট নিয়ে কৃষ্ণচন্দ্র তার সন্তুষ্টির কথাও জানিয়ে বলেন, গত ১৫ বছরের মধ্যে এবারের হাট বেশ ভালো জমেছে।’

কৃষ্ণচন্দ্র জানান, বছরের অন্য সময়ে তিনি সেলুনের দোকান চালান। পাশাপাশি ব্যান্ড পার্টিতে বাঁশি বাজান এবং বিয়ে-শাদির অনুষ্ঠানেও কাজ করেন।

পূজার আয়োজকরা নির্ধারিত বাজেটের মধ্যে দল নিতে চাইছেন। অন্যদিকে, শিল্পীরা তাদের শ্রম ও খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পারিশ্রমিক প্রত্যাশা করছেন। 

কিশোরগঞ্জের ভৈরব থেকে ঢাক নিতে এসেছেন রেণুকা সরকার। তিনি বলেন, ‘আমরা প্রতিবছর দুর্গাপূজা উদযাপন করি। এখানে ঢাকের হাট বসে জানতে পেরে ঢাক নিতে এসেছি। 

রেণুকা বলেন, ‘দুর্গাপূজায় ঢাক, ঢোল ও বাঁশির গুরুত্ব অনেক। এগুলো পূজার অবিচ্ছেদ্য অংশ। বক্সে গান বাজানো যেতে পারে, কিন্তু ঢাক-ঢোল ছাড়া দুর্গাপূজা পূর্ণতা পায় না। সবচেয়ে বড় সমস্যা হলো, ঢাক পাওয়া গেলেও দক্ষ ঢাকি পাওয়া কঠিন। তাই আমাদের অনুরোধ, আগামী বছর যেন ঢাক ও ঢাকির ব্যবস্থা একসঙ্গে করা হয়।’

পারিশ্রমিকের বিষয়ে রেণুকা বলেন, বাজারে সবকিছুর দাম বাড়ায় পূজার আয়োজনের খরচও বেড়েছে। তাই ঢাকি ও বাদ্যযন্ত্রীদের পারিশ্রমিক নির্ধারণে সাধারণ পরিবারের সামর্থ্যের বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। 

ছবি : সংগৃহীত

কাপাসিয়ার বাসিন্দা সুমন চন্দ্র মনি দাস বলেন, ‘প্রতিবছরই কটিয়াদীর ঢাকের হাটে আসি। গত বছর ছয়জন মিলে ৮০ হাজার টাকায় বায়না পেয়েছিলাম। এবার ৯০ হাজার টাকা পেলে যেতে রাজি আছি।’
 
কটিয়াদী উপজেলার বনগ্রামের বাসিন্দা উত্তম কুমার সেন পেশায় হেলথ ইন্সপেক্টর। তার ইউনিয়নে এবার আটটি সার্বজনীন দুর্গাপূজা হচ্ছে। এর মধ্যে সাতটির ঢাকির বায়না হয়ে গেছে। আরেকটির জন্য ঢাকি নিতে এসেছেন তিনি।

উত্তম কুমার সেন বলেন, ‘কটিয়াদীর ঢাকের হাট প্রায় ৫০০ বছরের ঐতিহ্য বহন করছে। গত বছর ১৭ হাজার টাকায় দুটি ঢাক ও একটি ঢোল নিয়েছিলাম, এবার একটি দলের জন্য ১৮ হাজার টাকা দিতে হয়েছে। আমরা চাই, ঢাকিরাও ভালো পারিশ্রমিক পেয়ে খুশি মনে ফিরে যান।’

কটিয়াদীর ঢাকের হাটের উৎপত্তি নিয়ে স্থানীয়ভাবে বিভিন্ন জনশ্রুতি প্রচলিত রয়েছে। এর একটি বর্ণনা অনুযায়ী, ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়ে কটিয়াদীর চারিপাড়া গ্রামের সামন্ত রাজা নবরঙ্গ রায় তার প্রাসাদে দুর্গাপূজার আয়োজন করতেন। পূজার জন্য দক্ষ ঢাকি ও বাদ্যযন্ত্রশিল্পী নির্বাচন করতে তিনি তৎকালীন বিক্রমপুর পরগনা, বর্তমান মুন্সীগঞ্জ অঞ্চলে আমন্ত্রণ পাঠান।

জনশ্রুতি অনুযায়ী, রাজার আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন এলাকার ঢাকি দল নৌপথে পুরোনো ব্রহ্মপুত্র নদের তীরের যাত্রাঘাটে সমবেত হন। রাজা তাদের বাজনা শুনে দক্ষতা যাচাই করতেন এবং পছন্দের দল নির্বাচন করে পুরস্কৃত করতেন। পরবর্তী সময়ে ঢাকি নির্বাচন ও চুক্তির এই রীতি চালু থাকে। স্থানীয়দের বিশ্বাস, এভাবেই ঢাকের হাটের সূচনা।

তবে হাটটির সুনির্দিষ্ট বয়স নিয়ে বিভিন্ন বর্ণনা রয়েছে। কোথাও চারশ বছর, কোথাও প্রায় পাঁচশ বছরের ঐতিহ্যের উল্লেখ পাওয়া যায়। ফলে এর উৎপত্তি ও বয়স নিশ্চিত করতে ঐতিহাসিক দলিলের প্রয়োজন রয়েছে।

ছবি : সংগৃহীত

সময়ের সঙ্গে হাটের স্থান পরিবর্তিত হয়েছে। বর্তমানে কটিয়াদী পৌরসভার পুরানবাজার এলাকায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মাঠসংলগ্ন স্থানে বসছে হাটটি। 

কটিয়াদী উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দিলীপ কুমার সাহা বাসসকে বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনে সার্বিক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। পূজামণ্ডপে পূজারি, ভক্ত ও দর্শনার্থীদের নির্বিঘ্নে অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সহযোগিতায় সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে চান তারা।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বাসসকে জানান, ঢাকের হাটের নিরাপত্তায় পুলিশের একটি মোবাইল টিম কাজ করছে। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাড. মো. জালাল উদ্দীন বাসসকে বলেন, প্রায় ৫০০ বছরের ঐতিহ্যবাহী কটিয়াদীর ঢাকের হাটের পরিবেশ উন্নয়ন ও ঢাকিদের সুযোগ-সুবিধা বাড়াতে উদ্যোগ নেওয়া হবে। তাদের জন্য শৌচাগার ও থাকার শেড নির্মাণের ব্যবস্থাও করা হবে।

তিনি আরও জানান, দুর্গাপূজায় মণ্ডপপ্রতি চালের বরাদ্দ ৫০০ থেকে বাড়িয়ে ৬শ’ কেজি করা হয়েছে। এ ছাড়া সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ পাওয়া ৩শ’টি শাড়ির মধ্যে ২শ’টি কটিয়াদী এবং ১শ’টি পাকুন্দিয়ায় বিতরণ করা হবে।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0