জাপানে হৃৎপিণ্ডে অস্ত্রোপচারের মাধ্যমে প্রথম স্টেম সেলের ব্যবহার

Oct 1, 2026 - 14:46
Oct 1, 2026 - 14:47
 0  1
জাপানে হৃৎপিণ্ডে অস্ত্রোপচারের মাধ্যমে প্রথম স্টেম সেলের ব্যবহার
ছবি : সংগৃহীত

 ঢাকা, ১ অক্টোবর, ২০২৬ (সময়ধারা নিউজ/বাসস) : জাপানের একটি হাসপাতালে বাণিজ্যিকভাবে পাওয়া হৃৎপিণ্ডের পেশির স্টেম সেলের তৈরি স্তর ব্যবহার করে বিশ্বের প্রথম অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চলতি বছর এই যুগান্তকারী চিকিৎসাপদ্ধতি অনুমোদনের পর এ অস্ত্রোপচার করা হলো বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একজন শল্যচিকিৎসক।

মঙ্গলবার এক ঘণ্টার অস্ত্রোপচারে ৫০-এর কোঠায় বয়সী একজন নারীর হৃদযন্ত্রে ‘ইনডিউসড প্লুরিপোটেন্ট স্টেম সেল’ বা আইপিএস সেল থেকে তৈরি হৃদপেশির কোষের স্তর প্রতিস্থাপন করা হয়।

টোকিও থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মার্চে সরকার এই রিজেনারেটিভ থেরাপির শর্তসাপেক্ষ অনুমোদন দেওয়ার পর এটিই এর প্রথম ক্লিনিক্যাল প্রয়োগ।
রিজেনারেটিভ থেরাপি বলতে এমন চিকিৎসাপদ্ধতিকে বোঝায়, যেখানে ক্ষতিগ্রস্ত টিস্যু ও অঙ্গ সারিয়ে তোলা, প্রতিস্থাপন করা বা পুনরুদ্ধারের জন্য কোষ, বৃদ্ধিবর্ধক উপাদান অথবা টিস্যু প্রকৌশল প্রযুক্তি ব্যবহার করা হয়।
অস্ত্রোপচারের পর সাংবাদিকদের ওসাকা কেইসাতসু হাসপাতালের প্রধান ও শল্যচিকিৎসক ইয়োশিকি সাওয়া বলেন, ‘আমাদের আশা, এটি রোগীর জীবনযাত্রার মান উন্নত করবে।’

ছবি : সংগৃহীত

হৃদযন্ত্রের ধমনিগুলো সরু হয়ে যাওয়ার কারণে সৃষ্ট ইস্কেমিক হৃদরোগে আক্রান্ত আট রোগীর ওপর এই রিজেনারেটিভ থেরাপির পরীক্ষা চালানো হয়।

জাপানি সংবাদমাধ্যম জানিয়েছে, আটজনেরই উপসর্গের উন্নতি হয়েছে। তাদের মধ্যে চারজনের হৃদযন্ত্রের কার্যক্ষমতাও বেড়েছে।

জাপানি বিজ্ঞানী শিনিয়া ইয়ামানাকার সহযোগিতায় সাওয়া এই প্রযুক্তি উদ্ভাবন করেন। আইপিএস সেল নিয়ে গবেষণার জন্য ইয়ামানাকা ২০১২ সালে নোবেল পুরস্কার পান। এসব কোষ শরীরের যেকোনো ধরণের কোষে পরিণত হওয়ার সক্ষমতা রাখে।

সাওয়ার উদ্ভাবিত চিকিৎসাপদ্ধতিটি মূলত তাদের জন্য তৈরি করা হয়েছে, যেসব হৃদরোগীর ক্ষেত্রে অন্য সব চিকিৎসার বিকল্প শেষ হয়ে গেছে।

এটি হৃদপেশির কার্যক্ষমতা বাড়াবে বলে আশা করা হচ্ছে। এর ফলে হৃদযন্ত্রের দুর্বলতার উপসর্গ, হৃদযন্ত্রের কর্মক্ষমতা এবং ব্যায়াম করার সক্ষমতা উন্নত হবে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩৩ সালের মধ্যে আরও ৭৫ রোগীর ওপর একই ধরণের অস্ত্রোপচার করার পরিকল্পনা করেছে সাওয়ার দল। পাশাপাশি চিকিৎসাটির কার্যকারিতা নিয়ে প্রতিবেদন প্রকাশের পরিকল্পনাও রয়েছে তাদের।

ছবি : সংগৃহীত

জাপানের আসাহি শিমবুন দৈনিক জানিয়েছে, আগামী সাত বছরে চিকিৎসাটির সুফল ও নিরাপত্তা প্রমাণিত হলে এটি পূর্ণাঙ্গ অনুমোদন পাবে।

জাপান মার্চে পারকিনসন রোগের একটি চিকিৎসাপদ্ধতিকেও শর্তসাপেক্ষ অনুমোদন দেয়। এতে সফল ক্লিনিক্যাল পরীক্ষার পর রোগীর মস্তিষ্কে আইপিএস কোষ প্রতিস্থাপন করা হয়।

পরিণত কোষকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আবার প্রাথমিক অবস্থায় ফিরিয়ে আইপিএস সেল তৈরি করা হয়। এতে ভ্রূণের প্রয়োজন হয় না। এ কারণে এটিকে এক ধরণের কোষ ক্লোনিং পদ্ধতি বলা যায়।

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0