‘দেশের মাটিতে খেলা, নিজেদের সেরাটা দিয়ে সম্মান ধরে রাখতে চাই’ : সানজিদা

Oct 20, 2026 - 23:47
 0  1
‘দেশের মাটিতে খেলা, নিজেদের সেরাটা দিয়ে সম্মান ধরে রাখতে চাই’ : সানজিদা
ছবি: বাসস

ঢাকা, ২০ অক্টোবর ২০২৬  (সময়ধারা নিউজ/বাসস) :বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশন্স ট্রফিতে মালদ্বীপকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। টুর্নামেন্টের শিরোপা নির্ধারণী ম্যাচে লাল-সবুজদের প্রতিপক্ষ শক্তিশালী ভারত। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মালদ্বীপের বিপক্ষে একাই ৮টি গোল করে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন বাংলাদেশের তারকা খেলোয়াড় সানজিদা আক্তার। ম্যাচ শেষে নিজের পারফরম্যান্স এবং ফাইনালের লক্ষ্য নিয়ে কথা বলেছেন এই হ্যান্ডবল তারকা।

ম্যাচ সেরা সানজিদা আক্তার জানান, ভারতের বিপক্ষে আগের ম্যাচে যে ভুলত্রুটিগুলো ছিল, তা নিয়ে আলোচনার পর তারা মালদ্বীপের বিরুদ্ধে তা শুধরে নেওয়ার চেষ্টা করেছিলেন।

সেটিরই ফল মিলেছে এই জয় দিয়ে। ফাইনালে নিজের সেরাটা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে সানজিদা বলেন, ‘আমরা চেষ্টা করবো আমাদের সেরাটা দেওয়ার। যেহেতু আমাদের দেশের মাটিতে খেলা, সে কারনে আমাদের লক্ষ্য সম্মানটা ধরে রাখার। বাকিটা আল্লাহর ইচ্ছা।’

ভারতের বিপক্ষে খেলার অভিজ্ঞতা ও দুই দলের প্রস্তুতির পার্থক্য তুলে ধরে তিনি আরও বলেন, ‘আপনারা জানেন যে ভারত আমাদের থেকে অনেক শক্তিশালী। কারণ তারা নিয়মিত অনুশীলন করে, সারা বছর ক্যাম্পে থাকে। আমাদের কিন্তু সেই ক্যাম্পিংটা হয় না, চার-পাঁচ মাসের একটা ক্যাম্প হয়। ওই চার-পাঁচ মাসের ভেতরে আমরা যতটুকু পারি নিজেদের রিকভার করি।’

ছবি: বাসস

একই ম্যাচে নিজেদের পারফরম্যান্স ও ফাইনাল নিয়ে কথা বলেছেন দলের আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় সাকিবা জান্নাত শাম্মী। ভারতকে কঠিন প্রতিপক্ষ মেনে নিয়ে তিনি বলেন, ‘ভারত হচ্ছে একটা অভিজ্ঞ দল। তারা আন্তর্জাতিক অনেক টুর্নামেন্ট খেলার সুযোগ পায়। তারা নিয়মিত অনেক ম্যাচ খেলে এবং র‌্যাঙ্কিংয়েও আমাদের চেয়ে ভালো। আমরা তো এত আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পাই না। তবে ইনশাআল্লাহ আমরা ভারতকে পরাজিত করবো একদিন। এই মুহূর্তে আমাদের মূল লক্ষ্য- ভারতের সাথে একটা ভালো ম্যাচ উপহার দিতে চাই।’

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0