ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’

ভরতনাট্যমের নান্দনিকতায় ঢাকায় অনুষ্ঠিত হবে নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’
ছবি : সংগৃহীত
ঢাকা,(১৩ সেপ্টেম্বর,২০২৬ খ্রি,(সময়ধারা নিউজ):ভরতনাট্যমের ধ্রুপদী সৌন্দর্য, ছন্দ, মুদ্রা ও ভাব-রসের সমন্বয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ নৃত্যসন্ধ্যা ‘অনুরণন’। কায়া আশ্রমের আয়োজনে আগামী ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে এ নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হবে।
 
কায়া আশ্রমের কর্ণধার অমিত চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে আশ্রমের শিক্ষার্থীরা ভরতনাট্যম পরিবেশন করবেন। নৃত্য, সংগীত, তাল, মুদ্রা ও অভিনয়ের সমন্বয়ে ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের অন্যতম প্রাচীন এই ধারার বহুমাত্রিক সৌন্দর্য তুলে ধরা হবে অনুষ্ঠানে।
ছবি : সংগৃহীত
 আয়োজকরা জানান, ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ নৃত্যধারা ভরতনাট্যম। নৃত্য, সংগীত, তাল, মুদ্রা ও অভিনয়ের সমন্বয়ে গড়ে ওঠা এই শিল্পরীতি শুধু নান্দনিকতার প্রকাশ নয়; এর মধ্য দিয়ে ফুটে ওঠে পৌরাণিক ঐতিহ্য, আধ্যাত্মিকতা, রসবোধ ও মানবিক অনুভূতির বহুমাত্রিক প্রকাশ।
 ছবি : সংগৃহীত
তারা আরও জানান, ‘অনুরণন’-এ ভরতনাট্যমের সেই বহুমাত্রিক সৌন্দর্য ও ভাবের জগৎ দর্শকের সামনে তুলে ধরার প্রয়াস থাকবে। ছন্দের মূর্ছনা, দেহভঙ্গির শৈল্পিকতা এবং অভিব্যক্তির গভীরতায় নৃত্যশিল্পীরা নির্মাণ করবেন এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক আবহ।
ছবি : সংগৃহীত 
কায়া আশ্রমের কর্ণধার অমিত চৌধুরী বলেন, সমকালীন সময়ে শাস্ত্রীয় নৃত্যচর্চা ও এর নান্দনিক ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘অনুরণন’ সেই ধারাবাহিকতায় একটি অর্থবহ সাংস্কৃতিক উদ্যোগ।