দেশে ফেরার আগেই বিস্ফোরণে প্রাণ গেল ৪ মার্কিন নাগরিকের

Sep 27, 2026 - 13:26
 0  1
দেশে ফেরার আগেই বিস্ফোরণে প্রাণ গেল ৪ মার্কিন নাগরিকের
ছবি : সংগৃহীত

ঢাকা, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ (সময়ধারা নিউজ) :গ্রিসের এথেন্সের একটি পর্যটন এলাকায় বিস্ফোরণে দোতলা একটি আবাসিক ভবন ধসে নিহত বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে চারজন মার্কিন নাগরিক। বার্তা সংস্থা রয়টার্স জানায়, গ্রিসের ফায়ার সার্ভিসের মুখপাত্র ভ্যাসিলিস ভ্যাথ্রাকোগিয়ানিস এক টেলিভিশন ব্রিফিংয়ে জানান, জরুরি উদ্ধারকর্মীরা ছয়জনের মরদেহ উদ্ধার করেছেন।

ভবনটির ধ্বংসস্তূপ সরানোর সময় তারা একটি অ্যাপার্টমেন্টে বসবাসকারী বয়স্ক দম্পতি এবং অন্য একটিতে অবস্থানরত চার পর্যটককের খোঁজে শুরু করেছিলেন উদ্ধার অভিযান। পরে মৃত অবস্থায় উদ্ধার করা হয় তাদের। নিহত ২ মার্কিন দম্পতির শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঘটনার দিনই একটি ফ্লাইটে দেশে ফেরার কথা ছিল। খবর অনুযায়ী, অন্য দুই ভুক্তভোগী ছিলেন এক বয়স্ক দম্পতি, যাদের একজন ব্রিটিশ পুরুষ ও অন্যজন গ্রিক নারী। তারা ওই ভবনের দ্বিতীয় তলায় ছিলেন।

এই বিস্ফোরণটি সম্ভবত গ্যাস-সংক্রান্ত কোনো ত্রুটির কারণে ঘটেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। পুলিশের একটি সূত্র জানিয়েছে, ওই দুই দম্পতির শুক্রবার বিকেল ৩টায় এথেন্স বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রে ফেরার কথা ছিল। এ ঘটনায় গ্রিসে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কিম্বার্লি গিলফয়েল এক্সে দেয়া বার্তায় শোক প্রকাশ করেছেন।


বিস্ফোরণটি প্লাকা এলাকায় অবস্থিত ভবনটিকে ধ্বংসস্তূপে পরিণত করে। এলাকাটি অ্যাক্রোপলিস ও টেম্পল অফ জিউসের মতো এথেন্সের অন্যতম দর্শনীয় স্থানগুলোর কাছাকাছি অবস্থিত। বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে, আশেপাশের বাড়িঘর, দোকানপাট ও গাড়ির ক্ষতি হয় এবং ধ্বংসাবশেষ ও ভাঙা কাঁচের টুকরো ছড়িয়ে পড়ে তিন ব্লক দূর পর্যন্ত।


ফায়ার সার্ভিস জানিয়েছে, বিস্ফোরণস্থলের পাশের আরেকটি ভবনে দুজন নারী আহত হন। এথেন্সের মেয়র হারিস ডুকাস জানান, এটি সম্ভবত বড় ধরনের গ্যাস লিকের কারণে ঘটেছে। এতে পার্শ্ববর্তী ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। সরিয়ে নেয়া হয়েছে ওই ভবনগুলোর বাসিন্দাদের। ডুকাস বলেন, ‘ক্ষয়ক্ষতির প্রভাব শুধু ওই ভবনটিতেই সীমাবদ্ধ থাকেনি, বরং পুরো রাস্তা এবং ভবনটির পেছনের রাস্তায়ও ছড়িয়ে পড়েছে। আমরা এক অকল্পনীয় বিপর্যয়ের মুখোমুখি হয়েছি।’

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0