কর্পোরেট জীবনের বাইরে ‘অন্য আমি’: Arts Altera-র আয়োজন ‘Sounds from the Soul’
পেশাগত পরিচয়ের আড়ালে থাকা প্রতিটি মানুষের ভেতরেই লালিত হয় একটি সৃজনশীল সত্তা—কেউ গান করেন, কেউ ছবি আঁকেন কিংবা লেখেন কবিতা। পেশাজীবীদের সেই সুপ্ত প্রতিভাকে বিকাশ ও প্রকাশের প্ল্যাটফর্ম তৈরি করতে LifeCourse-এর বিশেষ উদ্যোগ ‘Arts Altera’ আয়োজিত হলো ব্যতিক্রমী সংগীত সন্ধ্যা “Sounds from the Soul”।
গত ২১ আগস্ট (২০২৬) শুক্রবার, ঢাকার বনানীর জনপ্রিয় কালচারাল স্পেস ‘যাত্রা বিরতি’-তে সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত এই প্রাণবন্ত আয়োজন অনুষ্ঠিত হয়।
এই আয়োজনের মূল আকর্ষণে ছিলেন মিডিয়া সংশ্লিষ্ট পেশাজীবী ইফতেখারুল চিশতি। কর্পোরেট জগতের ব্যস্ততার বাইরে যিনি গল্প, উপন্যাস ও কবিতা লেখার পাশাপাশি দীর্ঘকাল ধরে গানচর্চা করে আসছেন। এতদিন যাঁর গান কেবল বন্ধুমহলের আড্ডাতেই সীমাবদ্ধ ছিল, Sounds from the Soul-এর মাধ্যমে সেই সুর এবার পৌঁছে গেল আরও বড় পরিসরের শ্রোতাদের কাছে।
সোনার হরিণময় সেই সন্ধ্যায় ইফতেখারুল চিশতি পরিবেশন করেন বাংলা, হিন্দি ও উর্দু ভাষার বেশ কিছু কালজয়ী ও জনপ্রিয় গান। তাঁর পরিবেশনায় জীবন্ত হয়ে ওঠে কিশোর কুমার, পঙ্কজ উদাস, বাপ্পি লাহিড়ী, মেহেদী হাসান, মাহেন্দ্র কাপুর ও হরিহরণের মতো সংগীত কিংবদন্তিদের অমর সৃষ্টিগুলো। বিশেষ করে কিশোর কুমারের বাংলা ও হিন্দি গান, পঙ্কজ উদাসের হৃদয়স্পর্শী গজল এবং মেহেদী হাসানের ক্লাসিক্যাল উর্দু পরিবেশনা উপস্থিত দর্শকদের নস্টালজিয়া, প্রেম ও বিরহের এক আবেগঘন ভ্রমণে নিয়ে যায়।
অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, Arts Altera বিশ্বাস করে পেশার বাইরের এই সংবেদনশীল চর্চা মানুষের জীবনকে আরও সমৃদ্ধ, আনন্দময় ও অর্থবহ করে তোলে। পেশাজীবীর ‘অন্য আমি’-কে আবিষ্কার ও উদযাপনের এই যাত্রা আগামীতেও অব্যাহত থাকবে।
Arts Altera — পেশার বাইরে, নিজের আরেক পরিচয়।






