সৌদি আরবে হুতি হামলার নিন্দা চীনের, সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা
ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬ (সময়ধারা নিউজ) :সৌদি আরবের বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামোয় হুতিদের সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়েছে চীন। একই সঙ্গে সৌদি আরব ও ইয়েমেনের হুতিদের মধ্যে সংঘাত আরও তীব্র হয়ে ওঠায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে দেশটি।
সোমবার নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেন, ‘প্রাণহানির ঘটনায় আমরা হামলাগুলোর নিন্দা জানাই। একই সঙ্গে সংঘাত তীব্রতর হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করছি।’
বেইজিং থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
তিনি আরও বলেন, ‘আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে—এমন পদক্ষেপ নেওয়া থেকে সংশ্লিষ্ট পক্ষগুলোকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। মতপার্থক্য ও বিরোধ সংলাপ ও আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে। একই সঙ্গে এ অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে হবে।’
রোববার রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের হামলায় একজন নিহত ও ১১ জন আহত হন। এর এক দিন আগে ইরান-সমর্থিত গোষ্ঠীটির দাবি করা আরেকটি প্রাণঘাতী হামলার পর বিমানবন্দরটির কার্যক্রম বন্ধ রাখতে বাধ্য হয় কর্তৃপক্ষ।
শনিবারের হামলাটি এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি ভূখণ্ডে সবচেয়ে প্রাণঘাতী হামলা। এ ঘটনা ইয়েমেন যুদ্ধের তীব্রতা আরও বাড়িয়েছে। দীর্ঘদিন ধরে সৌদি আরব আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে হুতিদের বিরুদ্ধে সামরিক সহায়তা দিয়ে আসছে।
সম্প্রতি রিয়াদ বিমানবন্দরে হামলা বাড়িয়েছে হুতিরা। বৃহস্পতিবারের হামলাতেও সেখানে তিনজন নিহত হন। পাশাপাশি, সৌদি আরবের তেল স্থাপনা ও লোহিত সাগরে চলাচলকারী তেলবাহী জাহাজেও হামলা চালাচ্ছে গোষ্ঠীটি।
ছবি : সংগৃহীত
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0






