সাধারণ মানুষের অভিযোগ দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে নিষ্পত্তির নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর: তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন
রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের অভিযোগ কোনো ধরনের মধ্যস্থতা ছাড়া দ্রুত, স্বচ্ছতা ও গুরুত্বের সঙ্গে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন তিনি।
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
রাজধানীর তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ সময় থানায় সেবা নিতে আসা সাধারণ মানুষের অভিযোগ কোনো ধরনের মধ্যস্থতা ছাড়া দ্রুত, স্বচ্ছতা ও গুরুত্বের সঙ্গে নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশ দিয়েছেন তিনি।
শনিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতাধীন তেজগাঁও থানা পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অবকাঠামো এবং সাধারণ নাগরিকদের পুলিশি সেবার মান সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রী থানা ভবনের প্রশাসনিক কক্ষ, ডিউটি অফিসারের রুম, তদন্ত কর্মকর্তাদের অফিস, হাজতখানা, ব্যারাক ও ডাইনিং স্পেস (মেস) ঘুরে দেখেন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলেন। ব্যারাক পরিদর্শনের সময় সদস্যদের আবাসন ব্যবস্থা, মেসের খাবারের মান ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি নাইটিং ও শিফটিং ডিউটির সার্বিক কর্মপরিবেশের খোঁজখবর নেন তিনি।
একই সময় থানায় জিডি বা অভিযোগ জমা দিতে আসা সাধারণ নাগরিকদের সঙ্গে সরাসরি কথা বলেন সালাহউদ্দিন আহমদ। ভুক্তভোগীদের সমস্যার কথা শুনে তাত্ক্ষণিকভাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তা দ্রুত সমাধানের নির্দেশ দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “পুলিশের মূল কাজই হলো জনগণের সুরক্ষা ও সেবা দেওয়া। থানাকে প্রতিটি মানুষের আস্থা ও ভরসাস্থল হতে হবে। নাগরিকরা যেন নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে থানায় এসে নিজেদের সমস্যা সরাসরি জানাতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করতে হবে।”
পরিদর্শনকালে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






