জাপানে ঘাঁটি স্থাপন করবে ফরাসি প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা থ্যালেস

Oct 12, 2026 - 15:48
 0  1
জাপানে ঘাঁটি স্থাপন করবে ফরাসি প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা থ্যালেস
ছবি : সংগৃহীত

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬ (সময়ধারা নিউজ) : জাপানে প্রতিরক্ষা সরঞ্জামের রক্ষণাবেক্ষণ ও পরিচালনায় একটি কেন্দ্র স্থাপন করতে যাচ্ছে ফ্রান্সের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান থ্যালেস। সোমবার জাপানের ব্যবসা বিষয়ক সংবাদমাধ্যম নিক্কেইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জাপানে কোনো বিদেশি প্রতিরক্ষা প্রতিষ্ঠানের এ ধরনের কেন্দ্র স্থাপনের ঘটনা এটিই প্রথম বলে মনে করা হচ্ছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

থ্যালেসের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্যাট্রিস কেইন নিক্কেইকে বলেন, জাপানে এই কেন্দ্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশটিতে থ্যালেসের দীর্ঘমেয়াদি কার্যক্রমের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হবে।

নিক্কেই জানায়, জাপানের প্রতিরক্ষা সরঞ্জামের রক্ষণাবেক্ষণ ও পরিচালনার জন্য কোনো বিদেশি প্রতিরক্ষা কোম্পানির নিজস্ব কেন্দ্র স্থাপনের ঘটনা এটাই প্রথম হতে পারে। ভবিষ্যতে জাপানে নিজেদের ব্যবসা বেসামরিক খাতেও সম্প্রসারণ করতে পারে থ্যালেস।

চীনের দ্রুত সামরিক শক্তি বৃদ্ধি ও উত্তর কোরিয়ার অনিশ্চিত কর্মকাণ্ডের প্রেক্ষাপটে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর উদ্যোগ নিয়েছেন। 
এর মধ্য দিয়ে আত্মরক্ষার প্রয়োজনে শক্তি প্রয়োগের মধ্যে সামরিক কর্মকাণ্ড সীমিত রাখার দীর্ঘদিনের শান্তিবাদী নীতি থেকে ধীরে ধীরে সরে আসছে জাপান।

নিক্কেইয়ের প্রতিবেদনে বলা হয়, থ্যালেস ইতোমধ্যেই জাপানের আত্মরক্ষা বাহিনীকে বিভিন্ন ধরনের সরঞ্জাম সরবরাহ করছে।

প্যাট্রিস কেইন বলেন, রাডার ও সোনারের মতো প্রযুক্তি জাপানের সঙ্গে বিনিময়ের সম্ভাব্য ক্ষেত্র হতে পারে। তিনি বলেন, ‘কারিগরি সক্ষমতা ও কার্যকারিতার দিক থেকে থ্যালেস যেসব ক্ষেত্রে এগিয়ে রয়েছে, সেসব ক্ষেত্রে জাপানকে সহায়তা দিতে চাই।’

প্রতিবেদনে আরও বলা হয়, জাপানের অংশীদার প্রতিষ্ঠান জাপান স্টিল ওয়ার্কসের কাছে প্রযুক্তি হস্তান্তর করবে থ্যালেস। এর মাধ্যমে ২আর২এম ভারী মর্টার ব্যবস্থার উৎপাদন আগামী বছর থেকে জাপানেই শুরু হওয়ার কথা রয়েছে।

ছবি : সংগৃহীত

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0