কলকাতার রাজপথে নারীদের নিরাপত্তার মিছিলে জয়া আহসান, শুরু হয়েছে আলোচনা

কলকাতার চলচ্চিত্র অঙ্গনে নিজের শক্ত অবস্থান তৈরি করা বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার এক ব্যতিক্রমী কার্যক্রমে অংশ নিয়ে খবরের শিরোনাম হয়েছেন।

কলকাতার রাজপথে নারীদের নিরাপত্তার মিছিলে জয়া আহসান, শুরু হয়েছে আলোচনা
নিউজ ডেস্ক
সচরাচর রাজনৈতিক বিষয়ে না জড়িয়ে কেবল অভিনয় ও শিল্পকলায় ব্যস্ত থাকা এই অভিনেত্রীকে সম্প্রতি কলকাতার রাজপথে নারীদের নিরাপত্তার দাবিতে আয়োজিত মিছিলে দেখা গেছে।


ভারতের স্বাধীনতা দিবসের আগের রাতে পশ্চিমবঙ্গের মন্ত্রী অগ্নিমিত্রা পালের আহ্বানে এই কর্মসূচি পালিত হয়। কলকাতার রাতের রাজপথ নারীদের জন্য নিরাপদ করার দাবিতে আয়োজিত এই মিছিলে রাজনীতিক, নারী বিধায়ক এবং সাধারণ মানুষের পাশাপাশি বাংলা চলচ্চিত্র ও সংগীতজগতের তারকারাও অংশ নেন। মিছিলে জয়া আহসানের সঙ্গে ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, চৈতি ঘোষাল, ইমন চক্রবর্তী ও পৌষালী বন্দ্যোপাধ্যায়ের মতো বিশিষ্ট শিল্পীরা। এ সময় তাদের সমবেত কণ্ঠে নজরুলের বিদ্রোহী গান ‘কারার ঐ লৌহ কপাট’ গাইতে এবং স্লোগান দিতে দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে মিছিলের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই তা নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক। এক পক্ষ প্রশ্ন তুলছেন—বাংলাদেশের একজন নাগরিক হয়ে জয়া আহসান কেন কলকাতার এমন একটি কর্মসূচিতে অংশ নিলেন। তবে অন্য একটি পক্ষ বিষয়টিকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, নারীদের নিরাপত্তার মতো একটি সর্বজনীন ও গুরুত্বপূর্ণ দাবিতে একজন শিল্পীর রাজপথে সোচ্চার হওয়া প্রশংসার দাবি রাখে।

এ বিষয়ে জয়া আহসান বা তাঁর পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে চলা প্রশংসা কিংবা সমালোচনা—কোনোটি নিয়েই মুখ খোলেননি এই অভিনেত্রী।

পেশাগত জীবনে জয়া আহসান বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি ভারতে মুক্তি পাওয়া তার অভিনীত ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমাটি দর্শকদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।